হেলিকপ্টারে গ্রামে এসেছে সেনাসদস্য তিতাসের লাশ, জানাজা ও দাফন সম্পন্ন

সেনাবাহিনীর হেলিকপ্টারে ফরিদপুরের নগরকান্দায় পৌঁছেছে কক্সবাজারে টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ। 

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে লাশ নিয়ে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ির আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিতাস। পরে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিতাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নগরকান্দার লস্করদিয়া গ্রামের বাড়িতে। সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা, স্বামী হারিয়ে দিশেহারা স্ত্রীসহ স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।