সাভারে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় একটি পুলিশের স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সাভার মডেল থানার কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে এ তথ্য জানান ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। গ্রেফতার মুহিত সোবহান সিংগাসার (কাউন্দিয়া) এলাকার মো. মর্তুজা আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত সোবহান স্বীকার করেছেন, জুলাই আন্দোলনের সময় পুলিশের স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।