ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাস দুটি হলো ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পোশাকশ্রমিক বহনকারী একটি বাস।
সোমবার (৯ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার দিবাগত রাতে মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। পরে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতে গেন্ডা এলাকায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে এবং বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।