ছাত্রের শরীরে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে পুলিশ। পরে শিশুটির মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়।

রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

মামলার অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, গত বুধবার (৪ নভেম্বর) বিকালে শিক্ষক রাব্বি হোসেন তার ছেলেকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দেন। পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসায় গেলে সে মায়ের কাছে নির্যাতনের ঘটনা জানায়। পরে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম বলেন, আটকের পর ওই শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।