গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়াও আগুন জ্বেলে ও মশাল মিছিল দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত ৯টার দিকে সরকারি মহিলা কলেজে, জেলা শিল্পকলা একাডেমি এবং কিছুক্ষণ পরই আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দের কারণে মুহূর্তের মধ্যেই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনার পর ঘটনাস্থলে যায় পুলিশ।
অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলীর মান্দারতলা ও চেচানিয়াকান্দি নামক এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন জেলে ও মশাল মিছিল দিয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেন তারা।
এ ছাড়াও কোটালীপাড়া উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড়সহ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় জেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে এসব ঘটনায় গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।