ধামরাইয়ে আরও একটি বাসে আগুন, কারণ খুঁজছে পুলিশ

ঢাকার ধামরাইয়ে চার দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা ৪ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। পরে রাত ১টা ৩৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। 

এর আগে, গত রবিবার ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ডি-লিংক পরিবহনের একটি পুরোনো বাসে আগুন লাগে। এতে বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়। তবে পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

এরও আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হিসাবে, ওই দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, গত কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বাস মালিকদের বাস নিরাপদ স্থানে রাখা এবং পাহারাদার নিয়োগসহ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরও আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আগুনের ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক কারণ, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনও বিষয় রয়েছে, তা সামনে রেখে তদন্ত করা হচ্ছে। চারটি ঘটনার মধ্যে একটি ঘটনায় বাসের মালিক থানায় অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশা করছি, আগুনের ঘটনাগুলোর কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে।