শ্রমিক-পুলিশ সংঘর্ষ: রাবার বুলেটে আহত দুই শ্রমিক, পুলিশ বলছে ছোড়া হয়নি

মজুরি বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রাবার বুলেটের আঘাতে অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এমন পরিস্থিতিতে আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে। বিক্ষোভে অংশ নেন অন্তত পাঁচ-ছয়টি কারখানার শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্ধারিত সময়ে অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। তবে পাঁচ-ছয়টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বসে থাকেন। একপর্যায়ে মজুরি বৃদ্ধির দাবিতে তারা জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন। তাদের সড়ক থেকে সরাতে পুলিশ চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে লাঠিপেটা করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আহত দুই শ্রমিক হলেন স্টারলিং স্টাইলস লিমিটেডের ফিনিশিং অপারেটর আলমগীর হোসেন (৩০) ও একই কারখানার সুইং অপারেটর রাজিয়া বেগম (৪০)। তারা রাবার বুলেটে আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। এর মধ্যে আহত শ্রমিক রাজিয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর শ্রমিক আলমগীর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।’

তবে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সড়ক অবরোধকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হয়েছিল। এতে ব্যর্থ হওয়ায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। অন্য কোনও অস্ত্র ব্যবহার করা হয়নি। শ্রমিকদের কেউ আহত হয়ে থাকলে তা ইটপাটকেলের আঘাতে হতে পারে। রাবার বুলেট ছোড়া হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার প্রায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’

এদিকে শ্রমিকদের মধ্যে আস্থা তৈরির মাধ্যমে চলমান সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। তিনি বলেন, মালিকপক্ষ দ্রুত মজুরি বোর্ডে প্রস্তাব দিলে বেতন বৃদ্ধির বিষয়ে শ্রমিকদের সন্দেহ অনেকটাই দূর হতো। অনেক কারখানার মালিক কাজ না করলে কারখানা বন্ধ করে দেওয়া এবং শ্রমিকদের চাকরি হারানোর হুমকি দিচ্ছেন। শ্রমিকদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা গেলে এ সমস্যার সমাধান সম্ভব।