জন্ম নিবন্ধনের নথিতে গরমিল, ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে শোকজ

জন্ম নিবন্ধন রেজিস্টারে অসংগতি এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাহিনুর বেগম ও প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার নির্দেশে বুধবার (১১ নভেম্বর) তাদের পৃথক দুটি নোটিশ দেওয়া হয়। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে তাদের ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া নাগরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় জন্ম নিবন্ধন রেজিস্টার যথাযথভাবে প্রত্যয়ন না করা এবং রেজিস্টারের শেষের ৪ ও ৫ নম্বর পাতায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের স্বাক্ষর না থাকার বিষয়টি তার নজরে আসে।

নোটিশে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ ধরনের কার্যক্রম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের শামিল। অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তার ক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা বিধির লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসকের নির্দেশনার পর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাহিনুর বেগমকে এবং সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা) নূর নাহিন নিশাদ প্রশাসনিক কর্মকর্তা মঞ্জয় দেবনাথকে পৃথক চিঠিতে শোকজ করেন।