বাস-ট্রাক স্ট্যান্ড চাঁদা নিয়েই কোটিপতি ট্রাফিক ইন্সপেক্টর, দম্পতির বিরুদ্ধে মামলা

ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে বুধবার (১১ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলা দুটি করা হয়।

মামলার তদারকি কর্মকর্তা ও দুদকের ফরিদপুরের সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক রতন কুমার দাশ জানান, তুহিন লস্করের বিরুদ্ধে প্রায় দুই কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে এক কোটি ৩৬ লাখ এক হাজার ৯০২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।

এই কর্মকর্তা জানান, অন্যদিকে তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে পাঁচ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ করেছে দুদক। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২২ লাখ ১৮ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ এক কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯১ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, তুহিন লস্কর ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং চাঁদাবাজির মাধ্যমে বাস ও ট্রাক স্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে তার ও স্ত্রীর নামে সম্পদ বিবরণী জারি করা হয়। পরবর্তী সময়ে দুদকের অনুসন্ধানে সম্পদের তথ্য যাচাই করে পৃথক মামলার সুপারিশ করা হয়।

দুদকের নথিতে তুহিন লস্করের নামে ঢাকার মিরপুরের বিজয় রাকিন সিটি প্রকল্পে এক হাজার ৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট ও কার পার্কিংয়ের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া খুলনার বটিয়াঘাটা এবং গোপালগঞ্জের সদর এলাকায় জমির মালিকানার তথ্য উল্লেখ রয়েছে।

তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামেও একাধিক স্থানে সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে খুলনার খালিশপুরে আবাসিক এলাকায় বহুতল ভবন, ফরিদপুরের কামলাপুর এলাকায় ইউনাইটেড টাওয়ারে ফ্ল্যাট, ফরিদপুরের হাবেলী গোপালপুরে আবাসিক ভবনে ফ্ল্যাট এবং গোপালগঞ্জের সদর উপজেলার খাটরা মৌজায় জমি ও পাঁচতলা ভবনের তথ্য রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ অনুসন্ধানকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন।

দুদকের করা মামলা দুটিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।