গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন। এদিকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
এদিকে, আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রবিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে হাজারও নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মিছিলকারীরা শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি, লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত একটি ব্যানার টানিয়ে দেন। পরে মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন।
একপর্যায়ে মিছিলকারীরা শহরের শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সেগুলো সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়।
লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।