প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। সেই বন্ধুত্বই একসময় গড়ায় প্রেমে। আর ভালোবাসার টানে হাজারও কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন জ্যাকি চেউং। অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে (২৮) বিয়ে করেছেন এই চীনা নাগরিক। দুই দেশের দুই নাগরিকের এই বিয়ে ঘিরে গোয়ালন্দের দেবগ্রাম এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি চেউং। ৩ নভেম্বর রাজবাড়ীতে আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়।

জ্যাকি ও নার্গিসের পরিচয়ের সূত্রপাত নার্গিসের ভাই সিরাজুল ইসলামের মাধ্যমে। তিনি ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন জ্যাকি। কর্মসূত্রে তাদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করলে সিরাজুল ইসলাম তার বোন নার্গিসের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এরপর জ্যাকি চীনে ফিরে গেলেও নার্গিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। মুঠোফোন ও অনলাইনে নিয়মিত কথাবার্তার মধ্য দিয়ে একে অপরকে জানার সুযোগ পান তারা। প্রায় তিন থেকে চার মাসের পরিচয় ও কথোপকথনের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই চীন থেকে বাংলাদেশে আসেন জ্যাকি।

জ্যাকি চেউং বলেন, নার্গিসের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা তৈরি হয়। নিয়মিত কথা বলতে বলতে একসময় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। নার্গিসকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত থেকেই তিনি চীন থেকে বাংলাদেশে এসেছেন। তাকে বিয়ে করতে পেরে খুব আনন্দিত জ্যাকি। বাংলাদেশে এসে স্ত্রীর পরিবার ও স্বজনদের ভালোবাসা পেয়েও ভালো লাগছে তার। স্ত্রীকে নিয়ে চীনে ফিরে সুখে-শান্তিতে সংসার করতে চান।

নার্গিস আক্তার বলেন, ভাইয়ের মাধ্যমে জ্যাকির সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলেন। তাকে বিয়ে করতে জ্যাকি চীন থেকে বাংলাদেশে আসায় তিনি খুব খুশি। পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। স্বামীর সঙ্গে চীনে গিয়ে নতুন জীবন শুরু করতে চান তিনি।

নার্গিস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খার মেয়ে। জ্যাকি চেউং চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টির চেংতুন টাউনের ঝাংঝুয়াং এলাকার বাসিন্দা। তার বাবার নাম ঝাং সিনহাই। জ্যাকি পেশায় লরি চালক। তার পরিবারের প্রধান জীবিকা কৃষিকাজ।

বিয়ের পর নার্গিসের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটছে জ্যাকির। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে চীনে ফেরার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে, চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেবগ্রাম এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও অনেকে নবদম্পতিকে দেখতে আসছেন। কেউ জ্যাকির সঙ্গে পরিচিত হচ্ছেন, কেউ আবার তাঁর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।

নার্গিসের মা হাসিনা বেগম, খালা জাহানারা বেগম ও প্রতিবেশী শরিফা খাতুনের কাছেও ঘটনাটি আনন্দের। ভিন্ন দেশের একজন মানুষের সঙ্গে নার্গিসের নতুন জীবন শুরুর বিষয়টি তাদের কাছে যেমন ব্যতিক্রমী, তেমনি পরিবারের জন্যও নতুন অভিজ্ঞতা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিক জ্যাকি চেউং ও নার্গিস আক্তারের বিয়ের বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না। পরে ঘটনাস্থলে গিয়ে নবদম্পতির সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকে জেনেছেন, রাজবাড়ীতে আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে এবং জ্যাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, এ ধরনের সম্পর্কে জড়ানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম সবশেষে বিয়ে। ভালোবাসার টানে দুই দেশের দূরত্ব পেরিয়ে এক হওয়া জ্যাকি ও নার্গিস এখন নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে চীনে ফেরার অপেক্ষায় রয়েছেন জ্যাকি।