মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সোচ্চার থাকা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে প্রস্তুতি সম্পন্ন করেছে মাওলানা ভাসানীর পরিবার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সন্তোষ, রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

ইতিমধ্যে সন্তোষে তার মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাজার প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হবে। মাওলানা ভাসানীর পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাসানী ফাউন্ডেশন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, ওরশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের বিশিষ্ট ব্যক্তিরাও মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। শৈশবে মা-বাবাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি। প্রথাগত শিক্ষার পাশাপাশি ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দে ইসলামি শিক্ষা ও দর্শন সম্পর্কে জ্ঞান অর্জন করেন। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে নিয়োজিত করেন।

সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও শোষণবিরোধী সংগ্রামে উপমহাদেশের প্রগতিশীল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাওলানা ভাসানী। কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে তিনি পরিচিতি পান ‘মজলুম জননেতা’ হিসেবে।

আসামের ধুবড়ী জেলার ভাসানচরে বসবাসের সময় প্রজাস্বত্ব ও কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিশেষ পরিচিতি পান তিনি। এ আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে জনতা তাকে ‘ভাসানী’ উপাধিতে ভূষিত করে।

তার রাজনৈতিক জীবন এ অঞ্চলের মানুষের আত্মনিয়ন্ত্রণাধিকার ও মুক্তির সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্রিটিশ আমলে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’ ও ‘বাঙালি খেদাও’ আন্দোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকের ভূমির অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। ১৯৪৭ সালের সিলেট গণভোটে সিলেটকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করার আন্দোলনেও সামনের সারিতে নেতৃত্ব দেন তিনি।

পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন তিনি। পরে অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিকে সংগঠিত করতে ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ১৯৫২ সালের ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান সংগঠক হিসেবে আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন।

১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন। এর মধ্য দিয়ে পূর্ব বাংলার সম্ভাব্য স্বাধীনতার ইঙ্গিত দিয়েছিলেন বলে রাজনৈতিক ইতিহাসে ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করে।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আইয়ুব খানের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন ভাসানী। তার নেতৃত্বে আন্দোলন তীব্র হলে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে সরকার বাধ্য হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে কাজ করেন।

স্বাধীনতার পরও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন মাওলানা ভাসানী। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষার দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তিনি। ৯৬ বছর বয়সে বার্ধক্য উপেক্ষা করে তার এ পদযাত্রা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ক্ষমতা বা পদ-পদবি নয়, শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। কৃষক-শ্রমিকের স্বার্থে আপসহীন অবস্থান, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং সাধারণ জীবনযাপনের জন্য তিনি দেশ-বিদেশে স্মরণীয় হয়ে আছেন।

এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে এবং সদস্যসচিব করা হয়েছে প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে। এ ছাড়া স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান ছাড়াও বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে।