গাজীপুরের পল্লী বিদ্যুৎ অফিসে (অভিযোগ কেন্দ্র) ভেতরে কাঠের স্তূপে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা ওই অভিযোগ কেন্দ্রে দুটি কোটা ছুড়ে মারলে আগুন ধরে যায়।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জিয়াউল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দুটি কৌটা পাওয়া গেছে। তবে সেগুলো পেট্রোল বোমা এবং নাশকতার অংশ কি না তদন্ত না করে এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পর আমাদের লোকজন ওই দুইটি কোটা পেয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, নগরীর ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরানো কাঠের স্তূপে আগুন দেয় দুর্বৃত্তরা। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সমিটারের কাঠের বক্স পুড়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ভরুলিয়া এলাকার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।