প্রায় পাঁচ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মসজিদ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর দানবাক্স খোলা হয়। প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। শনিবার দানবাক্স খোলার পর পাওয়া টাকা বস্তায় ভরার কাজ শুরু হয়। সব টাকা একত্র করার পর শুরু হবে গণনা। গণনা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ২৭ জুন সর্বশেষ দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন সামগ্রীও পাওয়া গিয়েছিল।
পাগলা মসজিদ শুধু মুসলমানদের কাছেই নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও একটি পরিচিত ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, একনিষ্ঠ নিয়তে এ মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে মানত করেন। টাকা-পয়সার পাশাপাশি স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও নানা সামগ্রীও দান করেন অনেকে।
জনশ্রুতি রয়েছে, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদের স্থানে অবস্থান নেন। তাকে ঘিরে ধীরে ধীরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।
প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।