ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শনিবার (২১ নভেম্বর) শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ আছে সাভার-আশুলিয়ার ১১টি কারখানা। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে যান শ্রমিকরা। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছিল। তবে কাজের সময় সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা নির্ধারণের প্রতিবাদে কাজে যোগ দেননি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার শ্রমিকরা। তারা শুধু কার্ড পাঞ্চ করেছিলেন। পরে শ্রমিকরা কাজ না করায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় সেসব কারখানাও আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।
বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা বিভিন্ন কারখানার সামনে কিছু শ্রমিক কারখানাগুলোর পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেয় পুলিশ। এ ছাড়া আজ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’