তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকাল শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। সকালে অধিকাংশ কারখানার শ্রমিকদের স্বাভাবিকভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতোই বিভিন্ন এলাকা থেকে কারখানার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকরা। নির্ধারিত সময়ে তারা নিজ নিজ কারখানায় প্রবেশ করছেন। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
তবে আগের দিনের তুলনায় পরিস্থিতি শান্ত থাকলেও বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও শিল্পাঞ্চলের ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ২১টি কারখানা শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক, নো পে’ ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
শিল্প পুলিশ বলছে, সকালে শিল্পাঞ্চলের যে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে, তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। তবে পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে, তা নির্ভর করছে শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণের ওপর।
এদিকে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মতো আজও শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।