গাজীপুরে ফের মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ

টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর শনিবার গাজীপুরের শিল্পাঞ্চলের কারখানাগুলোতে স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছিল। তবে রবিবার (২২ নভেম্বর) সকালে শ্রীপুরের অন্তত ১৩টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টার দিকে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বিভিন্ন কারখানার শ্রমিক ও মানবসম্পদ বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো, শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড ও রাতুল অ্যাপারেলস লিমিটেড, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক গার্মেন্টস লিমিটেড, ফখরুদ্দিন টেক্সটাইল লিমিটেড ও মেঘনা গার্মেন্টস, গিলারচালা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গার্মেন্টস, ভিন্টেজ ডেনিম লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আনসার রোড এলাকার সাসটেইনেবল ওয়েপ প্রসেসিং প্লান্ট, বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেড, বহেরারচালা এলাকার লান্তাবুর গ্রুপের তাকওয়া ফ্যাশন লিমিটেড এবং শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড।

বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, আগামী ২৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে তাদের মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ওই সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। শ্রমিকদের অভিযোগ, সরকার বারবার তাদের দাবির প্রতি উপেক্ষা দেখাচ্ছে। মজুরি বৃদ্ধির কথা বলা হলেও কার্যকর সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা শুধু সময়ক্ষেপণ করছেন।

এক শ্রমিক বলেন, আমরা কাজ করতে চাই। কিন্তু আমাদের শ্রমের মজুরি নির্ধারণ না করে কীভাবে কাজ করবো? গত এক মাস ধরে আমরা দাবি জানিয়ে আসছি। সরকার আমাদের দাবির কোনও মূল্য দিচ্ছে না। শুধু কমিটি গঠন ও বৈঠক করে সময় পার করছে। মজুরি বাড়ানোর সিদ্ধান্ত দিলেই তো আমরা কাজে ফিরে যাব।

শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করেন। কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। এরপর আশপাশের আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা একত্র হয়ে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ীর দিকে এগিয়ে যান। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে শ্রমিকেরা মিছিল নিয়ে আশপাডা এলাকার দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকেরা আনসার রোডের দিকে এগিয়ে গেলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকেরা আনসার রোডের ভেতরের দিকে সরে যান।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তারা আশপাডা মোড়ে সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। সেখানে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে শ্রমিকেরা ১ নম্বর সিএন্ডবি বাজারে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানেও ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।