গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, শহরজুড়ে বিজিবি-আনসারের টহল

লকডাউন-পরবর্তী সময়ে গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে জেলা শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকানপাট ও বিপণিবিতান। অফিস-আদালতসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম চলছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রয়েছে। ঢাকা-খুলনা ও পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শহরের সড়কগুলোতে ট্রাফিক পুলিশের কার্যক্রম চলতে দেখা গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে টহল দিতে দেখা যায়। তবে সরকারি কার্যালয় ও আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও জেলায় বিজিবি, আনসার ও এসআরবি সদস্যদের ব্যাপক মোতায়েন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল শনিবার সন্ধ্যায় আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এ ছাড়া আগে থেকেই মোতায়েন থাকা ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সঙ্গে গতকাল সন্ধ্যায় আরও ৭ প্লাটুন যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে জেলায় ১৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

তবে এখন পর্যন্ত জেলা শহরে কোনও নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়টি সামনে থাকলেও মাঠপর্যায়ে দলটির কোনও তৎপরতা দেখা যায়নি।