কৃষক দল নেতাকে হত্যার ঘটনায় মামলা: প্রধান আসামি নিক্সন চৌধুরী

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানায় মামলাটি করেন নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম। রবিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শনিবার রাতে করা মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া তার ৯৫ জন অনুসারীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১ নম্বর আসামি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশনা ও অর্থায়নে অন্য আসামিরা ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। তারা মশাল জ্বালিয়ে সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি রাখেন। এ সময় তাদের হাতে সড়কি, রামদা, চাপাতি ও ককটেলসহ দেশি অস্ত্র ছিল। রাত পৌনে ৮টার দিকে আসামিরা বাদীর স্বামী রাজু মোল্লাকে মোটরসাইকেলসহ আটকান। এ সময় ২ নম্বর আসামি পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে রাজুর কোমরের ডান পাশে আঘাত করেন। এতে তার শরীরে গুরুতর জখম হয়।

৩ নম্বর আসামি হামিরদী এলাকার আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাঙ্গা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) রাজুকে মারধর করেন। একপর্যায়ে তাকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়। এতে পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায় এবং শরীর রক্তাক্ত হয়।

খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান, এসআই খালিদ মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে উদ্ধার করে রাত ৯টার দিকে রাজু মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তিনি দিনভর ফরিদপুর আদালতে ছিলেন। মামলাটির তদন্তের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে শুনেছেন। মামলার বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে তথ্য জানাবেন। এ ছাড়া ভাঙ্গায় নাশকতার ঘটনায় ২৫ জনকে আটক করার বিষয়েও তিনি ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘মামলায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে। ৯৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি রুজু হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’