২ ঘণ্টা পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার প্রায় ২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ডিউটি অফিসার বশির আহমেদ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরিচালকদের দৃষ্টিসীমা কমে যায়। নদীপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ায় ফেরি চলাচলে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

পরে কুয়াশার ঘনত্ব কমে পরিস্থিতি স্বাভাবিক হলে সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

ডিউটি অফিসার বশির আহমেদ বলেন, ঘন কুয়াশার কারণে রবিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে সোমবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তা স্বাভাবিক করা হয়েছে।