শ্রীপুরে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-মিছিল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গীলা বাজার এলাকায় এ মিছিল করেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আব্দুল জলিল। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘রাজপথে জলিল ভাই, শেখ হাসিনার ভয় নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথে জলিল ভাই’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

মিছিলে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন পিওর, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম, তেলিহাটি ইউনিয়ন যুবলীগের নেতা শাকিল আহমেদ সোহেলসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই। তিনি খোঁজ নিয়ে দেখছেন।