তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। ওই সময় ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে যাওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এএসআই আব্দুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত। এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় হত্যাকাণ্ড ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে থানায় আনা হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে ঘটনায় তাদের সম্পৃক্ততা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। এখনও এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’

হত্যাকাণ্ডে কারা জড়িত তা পুলিশ নিশ্চিত হতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে শামীম হোসেন বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে ঘটনায় কারা জড়িত।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার আনোয়ার হোসেন ও আব্দুস সাত্তার সাদাপোশাকে হাশেমবাগ এলাকায় তথ্য সংগ্রহ করতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন আনোয়ার। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচান আব্দুস সাত্তার।  

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সহকর্মীর মৃত্যুতে দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই আব্দুস সাত্তারকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।’

তারেক আল মেহেদী আরও বলেন, ‘হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট আছে। সেখানে এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশের ওপর এই হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনও চক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’