পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-আগুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীর বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এ সময় সেতুসংলগ্ন একটি মার্কেট ও একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (২৯ নভেম্বর) ভোর থেকে জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের গোলচত্বরে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সেতু এলাকা।

অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সেতু ও এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

এদিকে অবরোধ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হলে সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষ এড়িয়ে নিরাপদ স্থানে সরে যান। 

অবরোধ ও বিক্ষোভের মধ্যেই পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেসওয়ে রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে স্থাপনা দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অগ্নিসংযোগ ও অবরোধের বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুসংলগ্ন এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের টেকেরহাট এলাকায় অবস্থান নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিক্ষোভের কারণে সকাল থেকেই এসব পথে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ রোগীরা দীর্ঘ সময় সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন। নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক পরিবহনমালিক সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।