কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভবানিপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থক দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় এক ব্যক্তির মৃত্যু ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহতের নাম সিদ্দিক মিয়া (৬০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভবানিপুরের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবুল বাসারের সঙ্গে একই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে দফায় দফায় সহিংসতা হচ্ছিল। এতে উভয় পক্ষের কমপক্ষে ২১ জন আহত হয়। গুরুতর আহত ১০ জনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে বল্লমের আঘাতে গুরুতর আহত সিদ্দিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মারা যান।
তিনি ইউপি সদস্য প্রার্থী সেলিম মিয়ার সমর্থক ছিলেন। সিদ্দিক মিয়া ভবানিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে।
আগামী ৭ মে ভৈরবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এটি নির্বাচনি সহিংসতা না বলে পূর্ব সূত্রতার জের হিসেবে দাবি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা ও কাউকে গ্রেফতার করা হয়নি।
/টিএন/
আরও পড়তে পারেন: