কাশিমপুর কারা ইনস্ট্রাক্টর খুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

কাশিমপুর কারাগার কমপ্লেক্সকাশিমপুর কারাগারের সাবেক সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. রুস্তম আলী হায়দারের খুনের ঘটনা তদন্তে সোমবার বিকেলে কারা কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগ দুইটি আলাদা কমিটি গঠন করেছে। গাজীপুর জেলা কারাগারের সিনিয়র সুপার সুভাষ ঘোষ  ও গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন  বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
সুভাষ ঘোষ জানান, রুস্তম খুনের ঘটনায় কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন গাজীপুরে পরিদর্শনে গিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। এতে অতিরিক্ত কারা মহা পরিদর্শক (ডিআইজি) গোলাম হায়দারকে প্রধান করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমানসহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার দেওয়ান তরিকুল ইসলামকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাত খুন৭ খুন : ৯ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন,পরবর্তী শুনানি ২ মে

গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, খুনের ঘটনা উদ্ঘাটনে পুলিশ বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন-সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল মো. মনোয়ার হোসেন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ও জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান।

পুলিশের এ কমিটিকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে দুই দিনের সময় দেওয়া হয়েছে।

সোমবার সকালে রেশনের চাল বিক্রি করতে গিয়ে কাশিমপুর মূল কারা ফটকের ২শ’ গজ উত্তরে এক ফার্মেসির সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে রুস্তম আলী নিহত হন। 

/এইচকে/