৫০০ টাকার জন্য জাহিদ হাসান রনি (২০) নামে এক তরুণকে খুনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার খন্দকার ও রাজু নামে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত জাহিদ হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ষোলঘর এলাকায়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, নিহত রনি ও আটক আনোয়ার-রাজু মাছিমপুর এলাকায় থাকতেন। তারা নেশা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গত ২৪ এপ্রিল রনি আনোয়ারের পকেট থেকে ৫০০ টাকা নিয়ে যায়। টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে রনি ও আনোয়ারের মধ্যে কথাকাটাটি হয়। রাত সাড়ে ৯টার দিকে মাছিমপুর এলাকার একটি গলির মধ্যে ওঁৎ পেতে ছিল আনোয়ার ও রাজু। রনি ওই গলিতে আসার পরই তাকে ছুরিকাঘাত করা হয়। এসময় রনির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আনোয়ার ও রাজুকে আটক করে গণধোলাই দেয়। পরে রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত
খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাজু ও আনোয়ারকে আটক করে। রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মামলা করার প্রক্রিয়া চলছে।
/এসটি/