দুদক সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ জুলাই থেকে ২০১০ সালের ৮ জুন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কলারোয়া শাখার কর্মকর্তা রনেশ বিশ্বাস ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অন্যান্যদের সহযোগিতায় প্রকৃত অনুমোদিত ব্যক্তিদের ঋণ বিতরণ না করে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ১২৬ জনের নামে ১০ লাখ ৬২ হাজার ২১০ টাকা ঋণ বিতরণ করেন। পরবর্তীতে ৪ লাখ ৯৯ হাজার ৬৮১ টাকা জমা দেখিয়ে ৫ লাখ ৬১ হাজার ৬২৯ টাকা আত্মসাত করেন। পাশাপাশি একই সময়ে আরও ৬৭ জনের নামে ৬ লাখ ২১ হাজার ৮৯৩ টাকা বিতরণ করে ৩ লাখ ৩ হাজার ১৩২ টাকা জমা দেখিয়ে ৩ লাখ ৫৮ হাজার ৭৬১ টাকা আত্মসাত করা হয়। এ দুটি ঘটনায় ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি ও ১৪ মে কলারোয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়। মামলা দুটি দুদকের সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল তদন্ত করেন। তদন্ত চলাকালে সোমবার সন্ধ্যার পর অভিযুক্ত রনেশ বিশ্বাসকে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, রনেশ বিশ্বাসকে দুদক গ্রেফতার করে রাতেই সোনাডাঙ্গা থানা হাজতে হস্তান্তর করে। এখান থেকে দুদকের দেওয়া কাগজপত্রসহ তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
/বিটি/আপ-এআর/