ঝিনাইদহে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মাঝে সংঘর্ষে ৩৫ জন আহত

Jhenidah clash photo 05-05-16 (3)

ঝিনাইদহে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে অনন্ত ৩৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার ফলসি ইউনিয়নের বড় ফলসি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় আতঙ্কিত হয়ে স্ট্রোক করে দিদার মণ্ডল (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ফলসী গ্রামের জালাল মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ফলসী ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত বজলুর রহমান ও বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমানের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ঢাল-সড়কি, লাঠি-সোঠা ও রাম দা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় তারা ই্ট পাটকেলও নিক্ষেপ করে। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৩৫জন আহত হয়েছে।

আরও পড়তে পারেন : অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: থেমে নেই শিক্ষার্থীদের আন্দোলন

আহতরা হলেন, রমজান, রবিউল, এমদাদুল,  আমজাদ,  রোকেয়া, জমির উদ্দীন, জামিরুল ইসলাম, আহসান হাবিব, লাল্টু, ইছাক মণ্ডল, রকি সর্দার, আলতাফ হোসেন, শাহিন, রায়হান মণ্ডল, টিটোসহ ৩৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আহতদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন জানান,বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/জেবি/