যশোরে ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মানহানি মামলা

ইত্তেফাকযশোরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দুই প্রতিনিধির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। বৃহস্পতিবার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বাদী হয়ে এ মামলা করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে অভয়নগর থানার ওসিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন ।
আসামিরা হলেন, ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, যশোর প্রতিনিধি আহম্মেদ সাঈদ বুলবুল ও জামিউল আহসান সিপু।
মামলার অভিযোগে জানা গেছে, বাবুল আক্তার প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আসন্ন ইউনিয়ন নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। আসামিরা তার  ও তার ভাইয়ের রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে গত ৩ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘সেই মালোপাড়ার জেলেরা আর ভোট দিতে চান না, হামলাকারীর ভাইকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, প্রেমবাগ ইউনিয়ন নির্বাচনে সরদার বাবুল আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনে বাবুলের ছোট ভাই আনোয়ার সরদার মালোপাড়ায় হামলার নেতৃত্বে দিয়েছিলেন। আসন্ন ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে মালোপাড়ার জেলে সম্প্রদায়ের মধ্যে ফের আতঙ্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ সংবাদ প্রকাশিত হওয়ায় রাজনৈতিক ও সামাজিকভাবে তার সম্মান ক্ষুন্ন হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন বলে জানান।

আরও পড়ুন:

দল থেকে বহিষ্কার, তবুও নৌকা মার্কাই থাকছে ‘জেএমবি’ প্রার্থী সালামের

/বিটি/