তারেক মাসুদের স্ত্রীর করা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় পরিবহন ধর্মঘট

Jessore Sromik-Malik Pic 08.05.16চলচ্চিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় তারেক মাসুদের স্ত্রীর করা ১২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাসহ অন্য একটি মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৫ মে থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।  রবিবার দুপুরে যশোরের চাঁচড়ায় শ্রমিক ভবনে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
খুলনা বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ আলী আকবর বলেন, ‘ওই সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মালিক ও চালকের বিরুদ্ধে তারেক মাসুদের স্ত্রী ১২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন। অপর এক দুর্ঘটনায় গ্রিনলাইন পরিবহনের মালিকের নামে ৭ কোটি টাকার ক্ষতিপূরণের আরও একটি মামলা হয়েছে। এ ধরনের মামলা আইনসিদ্ধ নয়। কারণ, যানবাহন আইনে মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা ও অঙ্গহানির জন্য ১০ হাজার টাকা প্রদানের কথা উল্লেখ আছে। কিন্তু যে মামলা দায়ের করা হয়েছে সেটা রায় হলে তা আইনে পরিণত হবে, যা পরিবহন মালিক ও শ্রমিকদের বৃহত্তর স্বার্থের বিপক্ষে যাবে। এ কারণেই মামলা দুটি প্রত্যাহারের দাবিতে এ আন্দোলন কর্মসূচি।’

তিনি আরও বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ মে সকাল ৬টা থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ১৫ ও ১৬ মে খুলনা বিভাগের ১০ জেলায় অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য আহ্বান করা হলো।’

সভায় খুলনা বিভাগের ১০ জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটি ও পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোরের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, ‘এটি আন্দোলনের প্রাথমিক কর্মসূচি। একটি ইস্যুতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। পরে আরও ইস্যু যোগ হবে। আমরা সারাদেশের পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছি।’

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের সংঘর্ষে ঘটনাস্থলেই বিশিষ্ট চলচিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজীসহ পরিবারের সদস্যরা বাদী হয়ে মানিকগঞ্জ আদালতে মামলা করেন।

আরও পড়ুন:

একমুঠো ভাতের জন্য আদালতে মা

/বিটি/এএইচ/