রবিবার থেকে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

jessore Workers Owners Samity pic 14.05.16পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের চারটি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রবিবার ভোর ৬টা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় এ ধর্মঘট পালন করবে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি।

শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আব্দুর রহিম বকস্ দুদু।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের ঘিওর থানায় দায়ের হওয়া মামলা প্রভাবশালীদের প্রভাবমুক্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচারকাজ সম্পন্নের দাবি করেন তিনি। এছাড়া এ ঘটনায় ক্যাথরিন মাসুদের দায়ের করা ১২ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাকে আইনের সঙ্গে অসংগতিপূর্ণ ও অবৈধ উল্লেখ করে তিনি মামলা দুটি প্রত্যাহারের দাবি করেন। এছাড়া গ্রিনলাইন পরিবহনের সিলেটে দায়ের হওয়া দুটি মামলাও প্রত্যাহারের দাবি করেন তিনি।

আব্দুর রহিম বকস্ দুদু বলেন, তাদের এ দাবি আদায়ের লক্ষ্যে রবিবার ভোর ৬টা থেকে খুলনা বিভাগে বাস, ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যানসহ সকল প্রকার ভাড়ায় চালিত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু, সীমান্ত পরিবহন মালিক সমিতির সভাপতি ইকরামুল হক ইকু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
রবিবার সারাদেশে চেইন সুপারমার্কেট বন্ধ

 

/বিটি/