কুষ্টিয়ায় হোটেল মালিককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়াকুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী দ্বন্দকে কেন্দ্র করে শাহিন আলী (৩৫) নামে এক হোটেল মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে হোটেল বন্ধ করে আইলচারা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন শাহিন আলী। জোয়ার্দ্দার পাড়ার কাছে এসে পৌঁছুলে ছয় থেকে সাতজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় শাহিন আলীর চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই শামিম রেজা জানান, চতুর্থ ধাপের নির্বাচনে তার ভাই শাহীন আলী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোতালেব হোসেনের পক্ষে কাজ করেন। এ নিয়ে স্বতন্ত্র হিসেবে বিজয়ী চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সমর্থক স্থানীয় জোয়ার্দ্দার পরিবারের লোকেরা শাহীনের ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

এদিকে মৃত্যুর খবর জানাজানি হলে প্রতিপক্ষের বাড়ি ঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।

ওসি জানান, এটা পরিকল্পিত হত্যা নাকি নির্বাচনি সহিংসতায় হত্যা তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নিহতের মরদেহ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়নু: সাভারে ভাড়া বাসা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

/এইচকে/