জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নয়, বাংলাদেশে বিএনপি-জামায়াত গুপ্তহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, বাংলাদেশে আইএস -এর অস্তিত্ব নেই। বিএনপি-জামায়াত বিভিন্ন নাম দিয়ে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, আনসারুল্লাহ বাংলা টিম, হিযুবত তাহরীর, হরকাতুল জিহাদ এসব অনেক সংগঠনের নাম দিয়ে হত্যাকাণ্ড ঘটছে। ইদানিং দেখা গেছে, বিএনপি-জামায়াত তাদেরকে একটা প্রটেকশনের জন্য এই ধরনের নাম ব্যবহার করছে। আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করা হচ্ছে দুটি উদ্দেশ্যে। একটা হচ্ছে সন্ত্রাসীরা যেন কিছুটা নিরাপদ বোধ করেন। আর দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশে যে জঙ্গির অস্তিত্ব আছে, এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্তর্জাতিক মহলের যে চাপ আছে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু এ ধরনের বিবৃতিতে দেওয়া হচ্ছে বলে আমরা মনে করি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার বিষয়ে হানিফ বলেন, আসলে স্থানীয় নির্বাচনটা আগে নির্দলীয় নির্বাচন হতো। এই নির্বাচনে সামাজিক ও গোষ্ঠীগত বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব বহন করবে। এছাড়া এখনও সামাজিক দ্বন্দ্ব বেশি দেখা যায়। যার কারণে সংঘর্ষের প্রবণতাটা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি মতিয়ার রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।
আরও পড়ুন: থমথমে রাজাপুর, ক্যাম্পের সব পুলিশ প্রত্যাহার
/এআর/ এএইচ/