বাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

বাগেরহাটবাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে তার স্বামী মো. হারুন (৫০)-এর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত মো. হারুন বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
বাগেরহাট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনোয়ার হোসেন জানান, পরিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে স্বামী মো. হারুন তার স্ত্রী জাকিয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বাড়ির পেছনে সুপারি বাগানের পাশের ডোবায় লাশটি ইট দিয়ে বেঁধে বস্তায় ভরে গুম করার চেষ্টা করেন তিনি। ১২ অক্টোবর ওই ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। চলিকাঠি ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ও তার স্বামী হারুনকে আটক করে। এই ঘটনায় নিহতের বোন রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের জাহাঙ্গীর ফকিরের স্ত্রী সাঈদা বেগম (৪০) বাদী হয়ে হারুনের বিরুদ্ধে বাগেরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে হারুন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বাগেরহাট থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ২০১৩ সালের ১৯ মার্চ হারুনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

 আরও পড়ুন: অস্ত্র ও গুলিসহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা গ্রেফতার

/জেবি/টিএন/