নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

বন্দুকযুদ্ধনড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের সর্দার রকিব শেখ (৩০) নিহত হয়েছেন। শনিবার (১১ জুন) ভোররাতে উপজেলার লক্ষীপাশা-মহাজন সড়কের দিঘলিয়া দক্ষিণপাড়া খালচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
রকিব লোহাগড়া উপজেলার চাচই গ্রামের মকলেস হোসেন শেখের ছেলে। এ সময় পুলিশের উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও রামদাসহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, দিঘলিয়া দক্ষিণপাড়ায় লক্ষীপাশা-মহাজন সড়কের ওপর রাতে পুলিশের টহল ছিল। এ সড়কের খালচর ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল। রাত আড়াইটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এসআই মিজানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত রকিবের নামে লোহাগড়া, নড়াইল এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন- 

যে পরিস্থিতিতে দেশে ফিরবেন তারেক রহমান!
ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা

/এফএস/