চতুর্থ দিনে মেহেরপুরে আটক ২৬

বিশেষ অভিযান

পুলিশের চলমান বিশেষ অভিযানের চতুর্থ দিনে মেহেরপুর জেলায় এক জেএমবি সদস্যসহ ২৬ জনকে আটক করা হয়েছে। জেলার তিনটি থানা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের রুহুল আমিনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) জেএমবি সদস্য। রবিবার সন্ধ্যায় আমঝুপি উত্তর পাড়ায় কাপড় ব্যবসায়ী ও আমঝুপি ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আলমগীর কবির তামসেনের (৬০) দোকানে অভিযান চালিয়ে ৫০০ লিফলেটসহ তাকে আটক করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম জানায়, এছাড়া জি আর মামলার ১৬ আসামি, সি আর মামলার ৪ আসামি, নিয়মিত মামলার ৪ আসামিকে আটক করা হয়েছে।

এনিয়ে গত চার দিনে পুলিশের অভিযানে মেহেরপুর জেলায় দুই জেএমবি সদস্য সহ মোট ৭৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, চলমান অভিযানে জেএমবির সদস্য, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃত নিজ নিজ থানা থেকে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আটক ৩৫

/এসটি/