আগুন যুদ্ধে ব্যর্থতার পর খালেদা জিয়ার নতুন কৌশল হচ্ছে গুপ্ত হত্যা- মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার বিকালে দুর্বৃত্তদের হাতে নিহত ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দগোপাল গাঙ্গুলীর পরিবারের সঙ্গে দেখা শেষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এই গুপ্তহত্যার মধ্য দিয়ে খালেদা জিয়া সাধারণ মানুষের গায়ে হাত দিয়েছেন। সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করেছেন।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের গায়ে হাত না দিয়ে আপনি আমাকে মারেন, নাসিম ভাইকে মারেন, সরকারের ওপর আক্রমণ করেন। সাধারণ মানুষের গায়ে হাত দেবেন না। যারা সাধারণ মানুষের গায়ে হাত দিয়েছে তাদের খুঁজে বের করে ধ্বংস করে দেওয়া হবে।
সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরফান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি ছিলেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
সমাবেশে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ, ন্যাপ নেতা অ্যাডভোকেট এনামুল হক, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস প্রমুখ।
/বিটি/টিএন/
আরও পড়ুন: আশরাফের মুখ ‘বন্ধ’ করুন: প্রধানমন্ত্রীকে জাসদ
গণবাহিনী আ.লীগের নেতা-কর্মীদের হত্যা না করলে দেশে দুর্দিন আসতো না: ফিরোজ রশীদ