নকল বিড়ি তৈরি: দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

ঝিনাইদহে নকল বিড়ি তৈরির অপরাধে আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

নকল বিড়ির স্তুপে কাগজ জড়ো করে আগুন লাগানো হয়েছে

দণ্ডিত আসলাম হোসেন দেবরাজপুর গ্রামের শাহজাহান আলী ছেলে ও আকিদুল ইসলাম একই গ্রামের নুরুন্নবীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা ও ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি টিম দেবরাজপুর গ্রামে অভিযান চালায়।

সে সময় ৬০ কোটি বিড়ি তৈরির উপকরণ ও পাঁচ লাখ টাকার নকল ব্যান্ডরোলসহ আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়।

নকল বিড়ি জব্দ

সে সময় আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আসলাম হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং আকিদুল ইসলামকে ২ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। পরে উদ্ধারকৃত নকল বিড়ির উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, ভেজাল ও নকল বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা থেকে সব ধরনের নকল ও ভেজাল পণ্য তৈরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

/জেবি/টিএন/

আপ: এইচকে

আরও পড়ুন: শত্রুও যেন এরকম মিথ্যা মামলায় না ফাঁসায়: তৈমূর খন্দকার