ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যার চেষ্টা!

যশোরইঞ্জিনচালিত একটি ভ্যান ছিনতাইয়ের জন্য তিন যুবক চালকের গলা কেটে হত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর বাঁওড়ের কাছে এই ঘটনা ঘটে।

আহত ভ্যানচালক আল-আমিনকে (১৬) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে জাহিদুল ইসলাম (১৯) নামে এক যুবক আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে ঝিকরগাছা পৌরশহরের বেলেবটতলা এলাকার আলআমিন তার ভ্যান নিয়ে রাজাপুরে যাচ্ছিলেন এক ব্যবসায়ীর মুরগি আনতে। ওইসময় একই উপজেলার শরণপুর এলাকার জাহিদুল, ইজাজুলসহ তিনজন তাকে ধরে নিয়ে যায় রাজাপুর বাঁওড়ের পাশে একটি পেঁপেক্ষেতে। সেখানে তারা ভ্যানচালককে হত্যার উদ্দেশে গলায় ছুরি চালায়। এই সময় তার চিৎকারে এলাকার লোকজন এসে রক্তাক্ত অবস্থায় আল-আমিনকে উদ্ধার এবং জাহিদুলকে পাকড়াও করে। এরপর তারা জাহিদুলকে পুলিশে সোপর্দ করে।

হাসপাতালের ডা. কাজল মল্লিক জানান, আহত আল-আমিনের অবস্থা আশঙ্কামুক্ত নয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি মোল্যা খবির আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনতা জাহিদুল নামে এক যুবককে পাকড়াও করে পুলিশে দেয়। অন্যদের আটকে অভিযান চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন- 

যে কৌশলে বিনা পরোয়ানায় গ্রেফতার

জঙ্গি ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবো না: প্রধানমন্ত্রী

/জেবি/এফএস/