তথ্যমন্ত্রী বলেন, পূর্বের বিডিআর এবং বর্তমানের বিজিবি কখনোই বিড়াল ছিলো না। এরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত বাঘের মতো হুংকার দিয়ে আসছে। বর্তমান সরকারের আমলে বিজিবি আরও দক্ষ ও সুসজ্জিত এবং সুপ্রশিক্ষিত হয়ে সাফল্যের সঙ্গে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে। সেই বিজিবিকে বিড়াল বলা কাণ্ডজ্ঞানহীন বলেও উল্লেখ করেন ইনু।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর হোটেল সেরিনায় এক ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা আমরা জানি। আজ আর বিডিআর নেই, একসময় এই বিডিআর বাঘ ছিল। এখন তাদের বিড়াল বানিয়ে ফেলা হয়েছে।
আলাপকালে মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া জঙ্গি ও রাজাকারদের সঙ্গী হওয়ায় গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন। দেশবাসীকে খালেদা জিয়া সম্পর্কে সতর্ক হতে হবে।
এসময় জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দানবের কাছে মানব পরাজিত হবে না: নাসিম
/এমও/