খুলনায় ২৩০ বিদেশি নাগরিকের নিরাপত্তা জোরদার

খুলনাতেও বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তরাঁয় জঙ্গি হামলায় ২০ বিদেশি নাগরিক নিহত হওয়ার পর খুলনায় অবস্থানরত ২৩০ জন বিদেশি নাগরিকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে ঢাকার ভয়াবহ ঘটনার পর শনিবার নগরীতে বিদেশিদের চলাচল করতে দেখা যায়নি।

খুলনা জেলা প্রশাসক মো. নাজমুল আহসান বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তাদের চলাচলের ক্ষেত্রেও বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখ্পত্র বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, মহানগরীসহ খুলনা জেলায় থাকা ২৩০ জন বিদেশি নাগরিকের মধ্যে মহানগরীতে ১৯০ জন, রূপসা উপজেলায় ৩০ জন এবং দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায়  ১০ জন রয়েছেন। এদের মধ্যে চায়না নাগরিকের সংখ্যা শতাধিক। বিদেশি এসব নাগরিক বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও  মাছ কোম্পানিতে কাজ করছেন। তবে ঢাকার ভয়াবহ ঘটনার পর শনিবার নগরী ও জেলার কোথাও তেমন কোনও বিদেশিকে বাইরে বের হতে দেখা যায়নি।

 

/বিটি/টিএন/

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে ২৩৮ বিদেশির নিরাপত্তা জোরদার

কুমিল্লায় অবস্থানরত ৪শ’ বিদেশির নিরাপত্তা জোরদার