ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে হবে বাগেরহাটের সবচেয়ে বড় ঈদ জামাত

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের সর্ব বৃহৎ তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ছয়শ’ বছরের পুরনো এই মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম, সকাল সোয়া ৮টায় দ্বিতীয় ও সকাল ৯ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক এই মসজিদে ঈদের জামাতে অন্যান্য বছরের মতো দেশি- বিদেশি পর্যটকরা নামাজ আদায় করবেন বলে আশা প্রকাশ করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।ষাটগম্বুজ-মসজিদ

বাগেরহাট শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় আলিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে, হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, মিঠা পুকুরপাড় জামে মসজিদ, ফলপট্টি জামে মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট জামে মসজিদ, সরুই হাজী আরিফ জামে মসজিদে। সকাল সোয়া ৮টায় সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ ও রেলওয়ে জামে মসজিদ এবং সাড়ে ৮ টায় সরকারি পিসি কলেজ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া বাগেরহাটের ৯ উপজেলার বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে সব রকমের প্রস্তুতি শেষ হয়েছে। ঈদের জামাত ও আনন্দ উপভোগের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণসহ পটকা, আতসবাজি ফুটানো নিষিদ্ধ এবং মাইকে গান না বাজানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোমল পানীয় বিক্রির নামে রাস্তার পাশে ও মোড়ে অস্থায়ী দোকান তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: মিতু হত্যার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত



/বিটি/আপ-এআর/