কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৫০

কুষ্টিয়ার মিরপুরে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার নওদা গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামের প্রায় দুই হাজার গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।

কুকুরকুকুরের কামড়ে গুরুতর আহত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- স্থানীয় নওদা গোপালপুর গ্রামের গৃহবধূ লিমা (২৮), চায়না (৩০), মনোয়ারা (৩৫), আরজিনা (৪৫), সাহাবুল (৩০), নুপুর (২৫), আনোয়ার (৩০), সালমা (২০), আসলাম (৪০), রিয়াজ মণ্ডল (৩৫)। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কুকুরের কামড়ে আহত লিমা আক্তার জানান, কুকুরটা প্রথমে গ্রামে বেশ কিছু হাঁস-মুরগি খায়। পরে হঠাৎ করেই মানুষকে কামড়াতে শুরু করে। কুকুর তার শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে বড় বড় ক্ষতের সৃষ্টি করে। একইভাবে ওই কুকুর একের পর এক গ্রামের মহিলা ও পুরুষকে কামড় দিতে থাকে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, বুধবার দুপুর থেকে একটি বেওয়ারিশ কুকুর ওই গ্রামে ঢুকে গ্রামের মানুষকে কামড় দিচ্ছিল। পরে পুলিশ কুকুরটিকে দড়ি দিয়ে কৌশলে বেঁধে রাখে। গুরুতর আহত কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

/এমও/