গাছে গাছে মাটির পাত্র (ভাঁড়) বেঁধে দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠার বারসিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সহায়তায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করেন।
পরে প্রাণিবৈচিত্র্য রক্ষায় উপজেলা পরিষদ চত্বরের গাছে গাছে ১৫০টি মাটির ভাঁড় বেধে দেন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্যরা।
পরে উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণার মূল উদ্যোক্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী জানান, নানা কারণে পাখির আবাসস্থল কমে যাচ্ছে। কিন্তু পাখিসহ প্রকৃতির প্রতিটি প্রাণই আমাদের জন্য অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা চত্বরকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির কাজটিও সম্পন্ন হবে।
শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহবায়ক আসাদুল ইসলাম জানান, সদর উপজেলা পরিষদ চত্বরের বৃক্ষরাজিতে পর্যায়ক্রমে দুই হাজার ভাঁড় বেধে দেওয়া হবে। প্রাণিবৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে উপজেলা প্রশাসনের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
/এইচকে/
/আপ:এআর/
আরও পড়ুন: কুষ্টিয়ায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে