ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশের একটি দল হাটগোপালপুর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। মধুপুরের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় পৌঁছালে দুবৃর্ত্তরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে। উভয়ের মধ্যে ১০ মিনিট গোলাগুলির পর দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে ঘটনাস্থল তল্লাশি করে। সেসময় তারা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এবং ঘটনাস্থল থেকে একটি শাটার গান, ২ রাউন্ড বন্দুকের গুলি, ৫টি বোমা, ৩টি রামদা উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এসটি/