খুলনায় জঙ্গি দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রেঞ্জ পুলিশের ডিআইজি এসএম মনিরুজ্জামান মনি। তিনি বলেন, খুলনা থেকে চরমপন্থী দমন করেছি। এখন সীমিত সম্পদ নিয়েই জঙ্গি সমস্যারও সমাধান করব। মঙ্গলবার দুপুরে খুলনায় ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে ডিআইজি বলেন, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে খুলনা বিভাগে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভাগের ঝিনাইদহ জেলায় সম্প্রতি ঘটে যাওয়া ৪টি ঘটনা সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের সনাক্ত করা হয়েছে।
ডিআইজি আরও বলেন, জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করার জন্য বিভাগের প্রত্যেকটি এলাকার কমিউনিটি পুলিশিং ফোরামকে নতুনভাবে সাজানো হয়েছে। গ্রামে গ্রামে ফোরামের সদস্যদের মাঝে লাঠি ও বাঁশি দিয়ে বাহিনী গঠন করা হয়েছে এবং জেলা সদরকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ডিআইজি মনিরুজ্জামান বলেন, জঙ্গিরা এখন প্রত্যন্ত অঞ্চলে পদক্ষেপ নিচ্ছে। ঝিনাইদহ তার একটি উদাহরণ। এ কারণে আমরা গ্রাম পর্যায়ে কমিউনিটি ফোরামকে সক্রিয় করছি। অপরাধীরা অপরাধ সংঘটনের পর দ্রুততার সঙ্গে জনস্রোতের সঙ্গে মিশে যায়। তাই জনতাকেই সম্পৃক্ততার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সহজ হবে।
আরও পড়ুন: ৭ বছর ধরে নিখোঁজ বগুড়ার মাদ্রাসা ছাত্র মাসুদ রানা
/এমও/