শিক্ষার্থীদের জঙ্গি-সন্ত্রাসবিরোধী শপথ বাক্য পাঠ করালেন কাজী নাবিল

Jessore MP Nabil pic 30.07.16123

যশোরের আল-হেরা কলেজের ছাত্র-ছাত্রীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী শপথ বাক্য পাঠ করালেন যশোর-৩ সদর আসদের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শনিবার সকাল সাড়ে ১০টায় এ শপথ বাক্য পাঠ করান তিনি।

এসময় তিনি বলেন, ইসলাম কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। গুলশানের আর্টিজান রেস্তোরাঁ এবং শোলাকিয়ায় যারা ধর্মের নামে মানুষ হত্যা করেছে, সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চার করেছে তারা আর যাই হোক মুসলিম না।

তিনি আরও বলেন, যারা দেশে ইসলামের নামে এমন সহিংসতা ও নাশকতার কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কারো মিথ্যা আশ্বাস আর প্ররোচনায় প্রভাবিত হবে না। ঠিকমতো পড়াশুনা করবে। ইসলাম ধর্মের সঠিক চর্চা করলেই তোমরা বুঝতে পারবে যে, আমাদের ধর্ম কখনোই মানুষ হত্যা সমর্থন করে না। এসব বিষয়ে কলেজের শিক্ষকদের সচেতন থাকারও পরামর্শ দেন তিনি। আমাদের প্রিয় নবীর (সা.) জীবনী পড়লেই বুঝবে তিনি কতো মহৎ এবং বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন।

পরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতেও তিনি অংশ নেন তিনি।

পরে একই স্থানে ‘চৈতন্য’ নামে একটি কলেজ স্মরণিকার মোড়ক উন্মোচন ও কলেজ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ সাইফুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন : একজন ডাক্তার দিয়ে চলছে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স