খুলনার দাকোপে রমজান সরদার নামের এক জেলের জালে আটকে পড়ে বিরল প্রজাতির একটি ইরাবতি ডলফিন মারা গেছে। রবিবার পূর্ব সুন্দরবন সংলগ্ন দাকোপের পশুর নদীর চিনাপোর্ট জেটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (বেডস) প্রধান নির্বাহী মো. মাকছুদুর রহমান এক প্রেসবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দরবন পুর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, এরকম কোনও ঘটনা আমি শুনিনি। তবে খোঁজখবর করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
তবে জেলে রমজান সরদার বিষয়টি স্বীকার করে জানান, সকালে পশুর নদীতে ইলিশ ধরার জাল টেনে তোলার পর জালে ইরাবতি ডলফিনটি আটকা অবস্থায় দেখতে পান তিনি। পরে সেটিকে হাত দিয়ে ধরার পর বুঝতে পারেন জালে আটকে শ্বাস নিতে না পেরে ডলফিনটি ততক্ষণে মারা গেছে।
ডলফিনটি লম্বায় আড়াই হাত (প্রায় ৪ ফুট) এবং ওজন প্রায় এক মণ বলে উল্লেখ করে জেলে রমজান সরদার আরও জানান, ডলফিন সম্পর্কিত কোনও আইন তিনি জানেন না। ধরা পড়ার পর মানুষকে দেখানোর উদ্দেশ্যে এটিকে স্থানীয় খুটোখালী ঘাট পর্যন্ত নিয়ে আসেন। এরপর মৃত ডলফিনটিকে খুটোখালী ঘাটে নদীতে ভাসিয়ে দেন।
বেডস প্রতিনিধি মো. মাকছুদুর রহমান জানান, জেলে রমজান সরদার এবং তার পরিবারকে ডলফিন অভয়াশ্রম, নীতিমালা এবং জালে আটকা পড়লে দ্রুত ছেড়ে দেওয়ার কৌশল সম্পর্কে অবহিত করা হয়েছে। পরবর্তীতে কোনও ডলফিন জালে আটকা পড়লে দ্রুততার সঙ্গে নদীতে ছেড়ে দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
/এমও/