চুয়াডাঙ্গা শহীদ দিবস আজ

আজ  ৫ আগস্ট শুক্রবার,চুয়াডাঙ্গার দামুড়হুদার স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে চুয়াডাঙ্গার আট বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে শহীদ হন। দেশ স্বাধীনের পর আট শহীদের আত্মত্যাগকে স্মরণ করে দিবসটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করা হয়।Damurhuda-At-Kobor-Picture-2016-(1)

১৯৭১ সালের ৫ আগস্ট ছিল বৃহস্পতিবার। ওইদিন চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী দামুড়হুদার বাগোয়ান-রতনপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি যুদ্ধ শুরু হয়।ওই যুদ্ধে আট জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন- হাসান জামান, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামদ্দিন, আফাজ উদ্দীন, আলাউল ইসলাম খোকন, রওশন আলম ও খালেদ সাইফুদ্দিন আহম্মেদ তারেক। 

দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের কিতাব হালসানার জমিতে আট শহীদের লাশ দুটি কবরে মাটিচাপা দিয়ে দাফন করা হয়। স্বাধীনতার পর ওই কবরের ওপরই নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ। যা ‘আটকবর’ নামে পরিচিতি পেয়েছে।

এছাড়াও এ সমস্ত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে আরও স্মরণীয় করে রাখতে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দারের একক প্রচেষ্টায় তাদের কবরের পাশে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ সংগ্রহশালা ও অডিটোরিয়াম ।

প্রতি বছরের মতো এবারও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য মিলাদ-মাহফিল, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন: জঙ্গি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ 

/এআর/