জেলা নির্বাচন অফিসার ও লোহাগড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সেখ আনোয়ার হোসেন জানান, নারী-পুরুষ ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ভোটাররা যাতে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করা হয়েছে। এখনও কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি (রিটার্নিং অফিসার) জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কোথাও কাউকে অনিয়ম করতে গেলে তাকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনা করতে প্রতিটি কেন্দ্রে একজন অফিসারসহ ১০ পুলিশ সদস্য, দু’জন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১৪ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান,পৌরসভা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা শেষ হওয়া পর্যন্ত যাতে আইনশৃঙ্খলার কোনও রকম বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত লিপি খানম নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগ নেতা আশরাফুল আলম (জগ প্রতীক) এবং শরিফুল ইসলাম (নারকেল গাছ প্রতীক)। এছাড়া ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৩ সালে গঠিত এ পৌরসভায় মোট ভোটার রয়েছে ২০ হাজার ৬৩৬ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৫৯২ এবং পুরুষ ১০ হাজার ৪৪ ভোটার। এবারের নির্বাচনে চার মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডে ১২ নারী কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ ওয়ার্ডে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় চাটগাঁইয়া মেজবান
/এআর/